ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুরাছড়ির সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের পাশে পার্বত্য মন্ত্রী

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২:১৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান ও বিএনপি নেতৃবৃন্দ।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) জুরাছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ধনপূর্ণ চাকমার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রী দীপেন দেওয়ানের পাঠানো তাৎক্ষণিক সহায়তা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেয়। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জনের বেশি শিক্ষার্থী এবং অন্তত ৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, কাপড়, চাল, ডাল, তেল, লবণ ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বই, খাতা, কলম ও স্কুলব্যাগ প্রদান করা হয়, যাতে তারা দ্রুত স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারে।
সহায়তা বিতরণকালে স্থানীয় ওয়ার্ড সদস্য যুদ্ধ মুনি চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, সাংবাদিক রাজেশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে চুমাচুমি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনি শংকর চাকমা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করবে।” তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বাজার চৌধুরী যুদ্ধ মুনি চাকমাও সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান।


এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘরসহ অন্তত ৪০টি স্থাপনা পুড়ে যায়। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের বই-খাতা ও শিক্ষাসামগ্রী পুড়ে যাওয়ায় তাদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯