দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফিরে পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করা হয়নি। তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায়ের ভিত্তিতেই তাদের চাকরি ফেরত দেওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন, নিয়োগ পাবেন, বলেন তিনি।
তিনি আরও জানান, বর্তমানে পুলিশের কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।পুলিশের কাজে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
