বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত কেন্দ্রীয় নেত্রী শাহিনুর আক্তার স্মৃতি। আগামী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে চেষ্টা করছেন একাধিক নারী নেত্রী। কে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাবেন—এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলা থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন শাহিনুর আক্তার স্মৃতি। অতীতে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
শাহিনুর আক্তার স্মৃতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মুর্শিদ মিয়া ও হালিমা খাতুন দম্পতির সন্তান। তিনি ১৯৮২ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি, ২০০২ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৮ সালে সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেন্ট্রাল ল কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে ঢাকার রমনা থানার একটি মামলায় তিনি ৪৫ দিন কারাগারেও ছিলেন। রাজনৈতিক নানা চড়াই-উতরাই ও দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথে সক্রিয় থেকেছেন বলে জানা গেছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলোচনায় এসেছেন। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক ও মানবিক কাজের কারণে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জেলাবাসীর প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে শাহিনুর আক্তার স্মৃতিকে দেখতে চান তারা।
এ বিষয়ে শাহিনুর আক্তার স্মৃতি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেছি এবং তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দিতে ভূমিকা রেখেছি। দলের প্রতি আস্থা রেখে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছি। সক্রিয় রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণ, সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই।
তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে ছিলাম। সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে কাজ করার সুযোগ পেলে জনগণের সেবা করতে চাই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
