সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনকি যদি তিনি নিজ দলের নেতা-কর্মী হন তবুও আইনের আওতায় আনা হবে।
রবিবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে। জনগণের জানমাল রক্ষা করা সরকারের মূল লক্ষ্য, তাই অপরাধীর দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণে রয়েছে, যা প্রশাসন ও সরকারের একটি বড় সফলতা। পবিত্র ঈদুল ফিতর ও পরবর্তী সময়েও জনজীবন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। চট্টগ্রামকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সবশেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে সরকার নিরলস কাজ করছে এবং চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
