পার্বত্য রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের কল্যাণে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন (২ বীর)। সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সদর সংলগ্ন এলাকায় ২০ জন অসহায় ও গৃহহীন মানুষের জন্য নতুন ঘর নির্মাণ এবং পুরাতন জরাজীর্ণ ঘর পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে বসবাসের উপযোগী আশ্রয়ের অভাবে কষ্টে থাকা এসব মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও জুরাছড়ি জোনের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে ২৫ জন অসহায় ও গৃহহীন মানুষের জন্য নতুন ঘর নির্মাণ ও পুরোনো ঘর সংস্কার করে দেওয়া হয়েছিল।
পার্বত্য রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলা দীর্ঘদিন ধরে ভৌগোলিক প্রতিকূলতা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে থাকা একটি জনপদ হিসেবে পরিচিত। এসব প্রতিকূলতা সত্ত্বেও এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে কৃষি সহায়তা, ক্ষুদ্র ব্যবসা সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ঘর নির্মাণ কার্যক্রম শুরু হওয়ার পর উপকারভোগী অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। তারা এ মানবিক সহায়তার জন্য জুরাছড়ি জোন ও জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
