ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন ও ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি জেলার বিভিন্ন স্থানে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টিসিবি’র দিনাজপুর ক্যাম্প অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খানসহ জেলার টিসিবি ডিলারগণ।
সভায় টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, টিসিবি’র পণ্য বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কোথাও অনিয়ম পরিলক্ষিত হলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে আরও আন্তরিকতার সঙ্গে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
