রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০১৯ সালের নির্বাচনী সহিংসতার ৭ বছর পূর্তিতে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে আহত-নিহত পরিবার পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
বক্তারা বলেন, ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে সাজেক থেকে ফেরার পথে ৯ কিলোমিটার এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৮ জন নিহত এবং ৩২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তবে দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম এখনো বাস্তবায়ন হয়নি।
তারা অভিযোগ করেন, আহতদের অনেকেই এখনো মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতিশ্রুত সহায়তার কোনো বাস্তবায়ন হয়নি। বক্তারা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা এবং পাহাড়ে প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এত বছরেও এ ঘটনায় জড়িত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি। বিচারহীনতার কারণে এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তারা মন্তব্য করেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পুনর্বাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম। এছাড়া নাগরিক পরিষদের উপজেলা সভাপতি মুক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, পৌর সভাপতি মো. মহিউদ্দিনসহ আহত-নিহত পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
