খুলনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউজ মাঠে। এ লক্ষ্যে ইতোমধ্যে সুষ্ঠুভাবে নামাজ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি দেখতে সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক (সাবেক মেয়র) নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান এবং জেলা প্রশাসক আসমা জামশেদ খোন্দকারসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, আগামী ২১ মার্চ (শনিবার) সকাল ৮টায় সার্কিট হাউজ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প হিসেবে টাউন জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে ঈদের নামাজকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া সিটি করপোরেশন ও জেলার উপজেলা পর্যায়েও যেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সে জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
