পটুয়াখালীর দুমকী উপজেলার পাগলা বাজারে চাঁদা দিতে অস্বীকার করায় জেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. মনির মোল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলমের নির্দেশে দুমকী উপজেলা যুবদলের সদস্য মানিক শরীফের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল এ হামলা চালায়।
ঘটনাকালে হামলাকারীরা মনিরের দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং ক্যাশ থেকে নগদ টাকা ও বিকাশ এজেন্টের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় মনিরকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে মনিরকে জোরপূর্বক দোকান থেকে বের করে মারধর করতে দেখা যায়।
এ বিষয়ে দুমকী থানায় একটি প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
