ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্জ্যে চাপা পড়েছে বর্জ্য শোধনাগার: ১৪ কোটি টাকার প্রকল্প চালু না হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৪:৩০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ শহরের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ে তীব্র দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে আশপাশের ফসলি জমি। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি তিন বছর আগে শেষ হলেও এখনো চালু হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


জানা যায়, ২০২২ সালের শেষ দিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এডিপির অর্থায়নে কিশোরগঞ্জ পৌরসভা ‘স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার’ প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পটিতে অত্যাধুনিক পাম্প ও ফিল্টার মেশিনের মাধ্যমে বর্জ্য থেকে দূষিত পানি আলাদা করে বিশুদ্ধ করার পাশাপাশি জৈব সার উৎপাদনের সুবিধা রাখা হয়েছিল।


কিন্তু স্থাপনের তিন বছর পরও প্রকল্পটি চালু না হওয়ায় অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। আরও উদ্বেগজনক বিষয় হলো—শোধনাগারটি নিজেই এখন ময়লা-আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে গেছে।
প্রকল্পের সামনে মহাসড়কের পাশে প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ২০-২৫ ট্রাক বর্জ্য এনে ফেলা হচ্ছে।

এসব বর্জ্য ছড়িয়ে পড়েছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ফসলি জমি ও পুকুর।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোগান্তি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।


এদিকে এখানে ফেলা বর্জ্যের মধ্যে মেডিক্যাল বর্জ্যসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদানও রয়েছে। খোলা স্থানে এ ধরনের বর্জ্য ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।


তবে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বর্জ্য ফেলার বিষয়টি স্বীকার করে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, “প্রকল্পটি প্রায় তিন বছর আগে বন্ধ হয়ে গেছে। অপচনশীল ও পচনশীল বর্জ্য আলাদা করে ডাম্পিং করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে পুরো প্রক্রিয়াটি অকার্যকর হয়ে পড়ে। এখন এটিকে পুনরায় সচল করতে গেলে প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় হতে পারে। তবে আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করছি।”


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম বলেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম