ফরিদপুর শহরতলীর বেড়িবাঁধ সংলগ্ন মেরিন ইন্সটিটিউট এর সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আকাশ (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১ টার দিকে মেরিন ইন্সটিটিউটের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
আকাশ ও উপাসনা ঘোষ টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন।
পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) সাথে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ট্রাকটিকে জব্দ ও ট্রাকের হেলপার হোসেন মোল্লা (১৯)-কে আটক করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
