টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার পাটিয়াডাঙ্গি বাজারে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা কৃষিখাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে পরিবেশ দূষণ কমে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পায়।
ব্র্যাক সিড এর পাটিয়াডাঙ্গী বাজারের ডিলার মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর কবির। তিনি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। এছাড়াও জমিতে ঠিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার ও বেশি বেশি জৈব সার ব্যবহারের দিক নির্দেশনা প্রদান করেন।
এদিকে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের দিনাজপুর রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত কৃষকদের মাঝে তাদের উৎপাদিত উন্নতমানের বিভিন্ন বীজ ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে ধারণা প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।
কর্মশালায় এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা গ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
