ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ পোস্ট: কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা কায়কোবাদের পক্ষে জিডি

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৪ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১১:০০ অপরাহ্ন

banglahour


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার রাতে দলীয় ও ব্যক্তিগত মর্যাদাহানির অভিযোগ তুলে রাজারহাট থানায় এ জিডি দায়ের করা হয়।


জিডি সূত্রে জানা যায়, ‘Rajarhat Narrative’ নামের একটি ফেসবুক পেজ থেকে সোহেল হোসনাইন কায়কোবাদের একটি পুরোনো ছবি পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। ওই পেজটির অ্যাডমিনের পরিচয় গোপন থাকায় এখনো প্রকৃত মালিককে শনাক্ত করা যায়নি।


অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে তোলা ওই ছবিটি ব্যবহার করে দাবি করা হয়, কুড়িগ্রামের বাসিন্দা ও কারাবন্দি র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের জামিনের জন্য তদবির করছেন কায়কোবাদ। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগ এনে কায়কোবাদের পক্ষে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম থানায় জিডি করেন।


রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি সাইবার অপরাধের আওতায় তদন্তের জন্য সিআইডির অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নির্বাচনি প্রচারণার সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে সাক্ষাৎ করেছেন। “কে কোন দলের বা কার আত্মীয়—এভাবে বিবেচনা করে জনসংযোগ করা সম্ভব নয়। এখন সেই সময়কার ছবি ব্যবহার করে অপতথ্য ছড়িয়ে আমার ও দলের মানহানি করা হচ্ছে,”—বলেন তিনি। তিনি আরও জানান, বিষয়টি সাইবার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম