সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পিছিয়ে পড়া সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতায় ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, রেলওয়ের ডাবল লাইনসহ একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে, যা সিলেটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় সিলেট নগরীর বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্পস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর উল্লেখ করে তিনি বলেন, এই সফরকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, সিলেট নগরকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে বন্যা প্রতিরোধ ব্যবস্থা, ওয়াকওয়ে নির্মাণ, সৌন্দর্যবর্ধন, স্লুইস গেট স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রায় ১৫ কিলোমিটার এলাকা সংরক্ষণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, মৃতপ্রায় সুরমা নদীকে পুনরুজ্জীবিত করতে খননসহ প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বরাক নদ থেকে উৎপত্তিস্থল জকিগঞ্জের আমলসীদ হয়ে সুনামগঞ্জ-হবিগঞ্জের মারকুলি পর্যন্ত নদী খননের প্রকল্প গ্রহণ করেছে। এতে সুরমা ও কুশিয়ারার নাব্যতা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সিলেট সফরে এসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিনে তিনি জাতীয় পর্যায়ের ‘নতুনকুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, খাল খনন কর্মসূচি উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সফর সফল করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবরসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
