কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন বৌয়ারাবাজার বিওপি’র টহলদল আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় টহলদল মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
