নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি “গোল্ডেন এইজ”। হোমকেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই কোম্পানির পেছনে রয়েছেন শাহ নেওয়াজ নামে এক প্রভাবশালী ব্যবসায়ী। কমিউনিটির একটি অংশের অভিযোগ, ব্যবসার বিস্তারের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন শক্তিশালী প্রভাব বলয়, যেখানে রাজনীতি, প্রশাসন, মিডিয়া এবং অর্থনৈতিক ক্ষমতা একসাথে কাজ করছে।
একসময় নিউইয়র্কে ট্যাক্সি চালানোর মাধ্যমে জীবিকা শুরু করা শাহ নেওয়াজ বর্তমানে শত কোটি টাকার সম্পদের মালিক বলে কমিউনিটিতে আলোচনা রয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক যোগাযোগ এবং বিজ্ঞাপনের মাধ্যমে তিনি নিজেকে অত্যন্ত প্রভাবশালী অবস্থানে নিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে।
কমিউনিটির একাধিক সূত্র দাবি করেছে, শুধু ব্যবসায়িক প্রভাব নয়, নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সংগঠনের সাথেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও তার সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে কমিউনিটিতে। যদিও এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনো সম্পন্ন হয়নি।
সম্প্রতি গোল্ডেন এইজে দুইজন “মিডিয়া ডিরেক্টর” নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম, আর্থিক অসঙ্গতি কিংবা কর্মপরিবেশ নিয়ে যাতে সংবাদ প্রকাশ না হয়, সে লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, নিউইয়র্কের কিছু নিষ্ক্রিয় কিংবা অনিয়মিত প্রকাশিত পত্রিকাতেও নিয়মিত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কমিউনিটির অনেকের প্রশ্ন, পাঠকবিহীন কিংবা কার্যত অকার্যকর গণমাধ্যমে বিপুল পরিমাণ বিজ্ঞাপন কেন দেওয়া হচ্ছে? এর পেছনে কি শুধুই প্রচারণা, নাকি প্রভাব বিস্তারের কৌশল কাজ করছে?
অন্যদিকে, মূলধারার ও প্রভাবশালী বাংলা সংবাদমাধ্যমগুলোতেও নিয়মিত বিজ্ঞাপন দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ফলে অনেকেই মনে করছেন, বিজ্ঞাপনকে কেন্দ্র করে একটি নীরব প্রভাব বলয় তৈরি হয়েছে, যেখানে সমালোচনামূলক সংবাদ প্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে।
এই প্রতিবেদন তৈরির সময় একাধিক সাংবাদিক ও কমিউনিটি সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলেছে বাংলা আওয়ার। তবে বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। তাদের দাবি, শাহ নেওয়াজের প্রভাব ও যোগাযোগ এতটাই বিস্তৃত যে প্রকাশ্যে কথা বলতে তারা স্বস্তিবোধ করেন না।
তবে সাংবাদিকতার নীতিগত জায়গা থেকে বাংলা আওয়ার স্পষ্ট করতে চায়, এই ধারাবাহিক প্রতিবেদনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা নয়। বরং কমিউনিটিতে আলোচিত অভিযোগ, প্রভাবের রাজনীতি এবং ব্যবসায়িক স্বচ্ছতা নিয়ে অনুসন্ধানী আলোচনা সামনে আনা।
ধারাবাহিক এই প্রতিবেদনের পরবর্তী পর্বগুলোতে থাকছে:
• গোল্ডেন এইজের ব্যবসায়িক বিস্তার
• বিজ্ঞাপন ও মিডিয়া প্রভাবের অভিযোগ
• কর্মীদের অভিজ্ঞতা ও অভিযোগ
• রাজনৈতিক ও সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক
• আর্থিক স্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ বিষয়সমূহ
বাংলা আওয়ারের অনুসন্ধান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
