ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পবিপ্রবির ভিসির অপসারণ দাবীতে আন্দোলনরতদের উপর বহিরাগতদের হামলা

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী।

(১ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:২৬ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যের (ভিসি) অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে।
দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফের নেতৃত্বে একদল লোক এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চলমান মানববন্ধনে এ হামালার ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে শোকজ করা হয়। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার অভিযোগ তুলে তারা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এ সময় একদল লোক এসে কর্মসূচিতে হামলা চালায় এবং চেয়ার ভাঙচুর করে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি আবু বক্কর জানান, “শিক্ষক-কর্মকর্তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ করেই রিপন শরীফ ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।”
হামলায় আহত হয়েছেন বলে যাদের নাম জানা গেছে তারা হলেন- প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. খোকন হোসেন, প্রফেসর ড. আব্দুর রশিদ, প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার, প্রফেসর ড. এম এইচ কাউসার ও প্রফেসর ড. তন্বী চন্দ।
আহত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের হেল্প সেন্টারসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফ বলেন, “কিছু শিক্ষক তাদের পছন্দের ভিসি না হলে মব সৃষ্টি করেন। একটি চক্র এখনো বিশ্ববিদ্যালয়ের ভেতরে সক্রিয় রয়েছে।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, “বর্তমান ভিসির বিভিন্ন অনিয়মের অভিযোগে অপসারণ দাবিতে মানববন্ধন চলছিল। এ সময় বিপরীত পক্ষের লোকজন এসে হামলা চালায় এবং চেয়ার ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ অবস্থান করতে পারে না, তাই বাইরে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ মোতায়েন আছে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯