ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, “অপরাধীর কোনো দল নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে কেউ জড়িত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” তিনি বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার অপরাধমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। বিশেষ করে হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মীর হেলাল উদ্দীন বলেন, “হাটহাজারীর ইতিহাসে আপনারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছেন। আমি এই এলাকার প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ। গত ১৭ বছর আমরা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধেই নয়, সমাজের অন্যায়, দুর্নীতি ও দুবৃত্তায়নের বিরুদ্ধেও লড়াই করেছি।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আন্দোলনের নামে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে সাধারণ মানুষের তুলনায় তাদের বিরুদ্ধে ১০ গুণ বেশি কঠোরভাবে আইন প্রয়োগের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “কোনো তদবির শুনবেন না। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নিন। যদি আমার কোনো লোক অপরাধীর পক্ষে সুপারিশ করে, সরাসরি আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে গর্বের সঙ্গে বলতে পারব—আমরা বাংলাদেশি। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার শীলছড়ি সড়ক কার্পেটিং উন্নয়ন কাজ ও স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সড়কে এইচবিবি নির্মাণ কাজ এবং ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের নবনির্মিত সেতু ও কালভার্টের উদ্বোধনও করেন তিনি।
এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
