পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লার ছোট-বড় পশু খামারগুলোতে এখন চলছে ব্যস্ততম সময়। জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা খামারগুলোতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। গরু-ছাগলকে পরিচ্ছন্ন রাখা, পুষ্টিকর খাবার দেওয়া ও বাজারজাতের প্রস্তুতি নিয়ে দিন-রাত কাজ করছেন তারা।
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, এবারের কোরবানির ঈদে কুমিল্লায় প্রায় আড়াই লাখ পশুর চাহিদা রয়েছে। তবে জেলার খামার ও গৃহস্থদের গোয়ালে চাহিদার চেয়ে বেশি সংখ্যক পশু প্রস্তুত রয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের জেলাতেও পশু সরবরাহের আশা করছেন সংশ্লিষ্টরা।
খামারগুলো ঘুরে দেখা গেছে, দেশীয় জাতের গরুর পাশাপাশি উন্নত জাতের ষাঁড়, ছাগল ও ভেড়াও প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য। অনেক খামারিই কয়েক মাস ধরে বিশেষ পরিচর্যায় পশু মোটাতাজা করেছেন। তাদের প্রত্যাশা, ঈদ বাজারে ভালো দাম পেলে বাড়তি খরচের চাপ কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।
তবে এবার পশুখাদ্য, খড়, ভুসি, ঔষধ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কোরবানির পশুর দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে বিভিন্ন খামারে গিয়ে পশু দেখছেন ক্রেতারা। কেউ দাম যাচাই করছেন, আবার কেউ আগাম বুকিংও দিচ্ছেন পছন্দের পশুর জন্য।
ক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তারপরও কোরবানির জন্য পশু কিনতেই হবে। তাই আগে থেকেই বাজার পরিস্থিতি দেখে রাখছি।
কথা হয় খামারী পাপ্পু রহমান ও খলিল মিয়ার সাথে। তারা জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবছরই ভারতীয় পশু অবৈধভাবে প্রবেশের আশঙ্কা থাকে। এতে স্থানীয় খামারিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। তারা সীমান্তে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, কোরবানির বাজার ঘিরে নিরাপত্তা, পশুর স্বাস্থ্য পরীক্ষা, জাল টাকা প্রতিরোধ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, খামারিদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে সুস্থ পশু সরবরাহ ও ক্রেতাদের সচেতন করতে আমাদের টিম মাঠে কাজ করছে।
সংশ্লিষ্টদের মতে, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগ থাকলে এবারের কোরবানির পশুর বাজার আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
