সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের সক্ষমতা শক্তিশালীকরণ প্রশিক্ষণের মডিউল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সম্মেলনকক্ষে সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন)-এর পক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠা, সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক সংহতি জোরদার করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সাম্প্রতিক সময়ে ডিজিটাল গুজব, ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় সমাজে অবিশ্বাস, বিভাজন ও উত্তেজনা বাড়ছে। অনেক ক্ষেত্রে এসব পরিস্থিতি সংঘাতের রূপ নিচ্ছে। তাই আগাম সতর্কতা ব্যবস্থা, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, এসসিএন সিভিল সোসাইটি, যুবসমাজ ও স্থানীয় কমিউনিটিকে শক্তিশালী করতে কাজ করছে। সংগঠনটি ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, ভুয়া তথ্য প্রতিরোধ, কমিউনিটি-নেতৃত্বাধীন সংঘাত নিরসন এবং কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সরকার, গণমাধ্যম, একাডেমিক ও বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও সমন্বিত উদ্যোগ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
কর্মশালায় জানানো হয়, সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক (এসসিএন) বর্তমানে দেশের আটটি বিভাগ ও ২৭টির বেশি জেলায় ৪১টি সিভিল সোসাইটি সংগঠনকে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ নেটওয়ার্কের সেক্রেটারিয়েট হিসেবে দায়িত্ব পালন করছে রূপান্তর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) “সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সংগঠনের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পে অর্থায়ন করছে।
কর্মশালায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. খান মেহেদী হাসান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. তুহিন রায়, সহকারী অধ্যাপক শেখ ফয়জান বিন হালিম, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শেখ মারুফুর রহমান, অধ্যাপক তানভীর হোসাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রভাষক মুমতাহেনা ফেরদৌসী, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং সাতক্ষীরা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর বিশ্বাসসহ অনেকে।
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
