জ্বালানি সংকটের সময়ে পাম্পে অবৈধ তেল মজুদের অভিযোগে গত ৭ এপ্রিল বিএনপি থেকে বহিষ্কৃত ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে হাফেজ মো. আজিজুল হক বলেন, তেল মজুদের অভিযোগ সঠিক নয়। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করিয়েছে। তিনি বিষয়টি পুনরায় তদন্ত করে দলে ফিরিয়ে নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান।
তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতা যখন মাঠে ছিলেন না, তখনও তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, পায়ে গুলি ও হাতে রামদার কোপও লেগেছে। এরপরও রাজপথ ছাড়েননি বলে দাবি করেন তিনি।
আজিজুল হক বলেন, জ্বালানি সংকটের সময় তার পাম্প থেকে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তেল সরবরাহ করা হয়েছে। ওই সময় তেল সংগ্রহ ও বিক্রির সব কাগজপত্র তার কাছে রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গত ৭ এপ্রিল তার মালিকানাধীন পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তেলের হিসাবের গড়মিল পাওয়ার অভিযোগে পাম্পটি বন্ধ করে দেয়। তবে অভিযানের আগের কয়েকদিন ধরেই সেখানে ধারাবাহিক অভিযান চলছিল। তিনি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় সে সময় ঢাকায় বিভিন্ন সভায় ব্যস্ত ছিলেন। সেই সুযোগে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অভিযান পরিচালনা করিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, বহিষ্কারের আগে দল তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। পুনরায় তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তাকে দলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে হাফেজ মো. আজিজুল হকের সঙ্গে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক সমর্থকেরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
