ঢাকা, ১ জুন ২০২৬, সোমবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইপিজেডের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিতের আশ্বাস, প্রয়োজন হলে আইনি লড়াইয়ের ঘোষণা পরিবেশমন্ত্রীর

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ৯:০৩ অপরাহ্ন

banglahour

 

কুমিল্লা ইপিজেডের শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৩১ মে) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে আয়োজিত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা ইপিজেডের বর্জ্যে কৃষিজমি, খাল ও পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, “ইপিজেডের বর্জ্যের কারণে যদি কৃষক, সাধারণ মানুষ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে আপনাদের পক্ষে আদালতেও যেতে আমি প্রস্তুত।”

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পাঞ্চলের গুরুত্ব যেমন রয়েছে, তেমনি পরিবেশ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। শিল্পায়নের নামে কোনোভাবেই পরিবেশ ধ্বংস বা মানুষের জীবন-জীবিকার ক্ষতি মেনে নেওয়া হবে না।

সম্প্রতি গুংইঙ্গাজুরি খাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, দূষিত পানির অবস্থা দেখে তিনি উদ্বিগ্ন হয়েছেন। “খালের পানি দেখে আমার খুব খারাপ লেগেছে। এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। আমি নিজে পরিস্থিতি দেখেছি। চলতি সপ্তাহেই ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব,” বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ইপিজেড কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, সেটি বড় বিষয় নয়; তাদের কার্যক্রমের কারণে যদি পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের খালের পানি ও পরিবেশ রক্ষা করা আমার দায়িত্ব। আমি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আপনারা আমাকে জবাবদিহির মুখোমুখি করতে পারেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কৃষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইপিজেডের বর্জ্য খাল ও কৃষিজমিতে ছড়িয়ে পড়ে ফসল উৎপাদন, মৎস্যসম্পদ এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত দূষণ নিয়ন্ত্রণ, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯