চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইভটিজিং, নারী হেনস্তা, মাদক ব্যবসা ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
সোমবার (১ জুন) সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধ ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তিনি শিবগঞ্জ থানা পরিদর্শন করেন এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, ইভটিজিং, নারী হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “শিবগঞ্জের কোনো মেয়ে, মা কিংবা বোন যেন অনিরাপদ বোধ না করেন। নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এসব অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তিনি মাদক কারবার ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধেও কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। ড. কেরামত আলী বলেন, শিবগঞ্জ থেকে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত সকল অপতৎপরতা নির্মূল করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অপরাধ দমনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সমানভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সে যে দলেরই হোক, এমনকি আমার দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”
এ সময় শিবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টিও তুলে ধরেন সংসদ সদস্য। সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
ড. কেরামত আলী আরও বলেন, কোনো অপরাধ বা অনিয়মের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা ছাড় দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
