কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার সাবু মিয়া, তিনি মজিবর রহমানের ছেলে।
স্বজনরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুপুর ১২টার পর বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন সাবু মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, “দুইজনের মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একই দিনে পৃথক দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
