কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার আমির হামজা এমপি'র পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) বিকাল ৫টার পর জীবননগর উপজেলার হাসাদহ বাজারে এই হামলার ঘটনাটি ঘটে।
হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলা পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি হাফেজ আবু বক্কর সিদ্দিকী ও তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন।
হামলাকারীরা হলেন, হাসাদাহ বাজারের বাসিন্দা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তার ছেলে শাহরিয়ার ও সাবেক ছাত্রদল নেতা রিমন।
আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলা পত্রিকার জীবননগর প্রতিনিধি হাফেজ আবু বক্কর সিদ্দিকী জানান, কুষ্টিয়া থেকে তার দুলাভাই আমির হামজা এমপি একটি গাড়িতে আর আমি আর বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছুলে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক পথে আমাদের গতিরোধ করে। এসময় বার বার হর্ণ দিলেও চালক ইজিবাইকটি রাস্তা থেকে না সারালে আমাদের গাড়িচালক নিচে নেমে তার সঙ্গে কথা বলেন। এসময় ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।
হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক পরিচয় দেয়ার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে আঘাত করে। এসময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাঁকে এবং এমপি আমির হামজাকে নিয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান সেখসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমির হামজা এমপি ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছিলো।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। এর বেশী কিছু তিনি বলতে চাননি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
