ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) বিকালে হরিপুর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোছা. নাসিমা (৩৫) পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ আরও জানায়, এলাকাবাসী ওই নারীর দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের অবস্থা এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হরিপুর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
