প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দুই দিনের সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, সফরের বিষয়ে মালয়েশিয়া সরকার ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে। সফরের দ্বিতীয় দিন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রগুলো বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণ থাকা সত্ত্বেও সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে নির্বাচন করা হয়েছে। আঞ্চলিক ভূরাজনীতি ও ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখার বিষয়টি এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, সফরের বিস্তারিত কর্মসূচি ও আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অভিবাসন ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য শুধু প্রটোকলগত বিষয় নয়, বরং নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারেরও প্রতীকী বার্তা বহন করে। সে বিবেচনায় মালয়েশিয়াকে বেছে নেওয়া বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী কূটনৈতিক অবস্থানের প্রতিফলন।
ভূরাজনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। শ্রমবাজার, বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমাগত বাড়ছে। তাই প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া ইতিবাচক সিদ্ধান্ত।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পাশাপাশি দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। ফলে প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
