চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি তা প্রতিহত করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে টহলরত বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্ত এলাকায় দেখতে পেয়ে তাদের কাঁটাতারের বেড়ার নিকটবর্তী স্থানে নিয়ে যায়। পরে তারা কোথায় গেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “পুশইনসহ সীমান্তের সব ধরনের অপতৎপরতা রোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এছাড়া মহেশপুর-৫৮ বিজিবির অধীনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার প্রায় ৭০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা জেলার আরও ৩৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
