ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিরাজগঞ্জে দুই পৃথক মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

সারাদেশ | ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ৬:৪২ অপরাহ্ন

banglahour

সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া দুই পৃথক মানহানি মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।


রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো এবং বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পৃথক দুই ব্যক্তি দুটি মানহানির মামলা দায়ের করেন। ওই মামলাগুলোতে আদালতে হাজির হয়ে নিয়মিত জামিনের আবেদন করেন মুফতি আমির হামজা।


আজকের শুনানিতে তার পক্ষে আইনজীবী মো. আবু তালেব আদালতে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে বাদীপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।
শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।


এর আগে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মানহানির মামলায় গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান মুফতি আমির হামজা। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন।


আদালতের এ আদেশের ফলে দুটি মামলায় আপাতত জামিনে মুক্ত থাকবেন তিনি।


রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে পরিচিত মুখ মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সর্বশেষ আদালতের এই আদেশের মাধ্যমে মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়ার পথ আরও সুস্পষ্ট হলো।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯