কিশোরগঞ্জের ইটনায় তিন মাদক কারবারির বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ মানুষ। জনরোষে পালিয়েছে মাদক কারবারির পরিবার।
আজ ১৪ জুন (রবিবার) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের এই ঘটনা ঘটে।
মাদক কারবারিরা হলেন, ইটনার উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার গ্রামের মৃত মেহের আলীর ছেলে দিলু মিয়া (৪৫), ফয়জুল্লাপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে জসিম মেম্বার (৩০) ও আশ্রব আলীর ছেলে আলী আকবর (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিন দিন মৃগা ইউনিয়নে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধিতে বাড়ছে সামাজিক অপরাধ। এতে, গত শুক্রবার উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মানুষ গ্রাম্য সালিসে এলাকার চিন্হিত ২৪জন মাদক কারবারিকে হাজির করেন। পরে, 'আর মাদক বেচা-কেনা করবে না শর্তে ক্ষমা করে দিয়ে, স্ট্যাম্পে মুচলেকা নেন।'
কিন্তু, মুচলেকার এক দিন পরই শনিবার রাতে মাদক কারবারি দিলু মিয়া, জসিম মেম্বার ও আলী আকবর কে স্থানীয়রা মাদকসহ আটক করতে গেলে, তারা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি সৃষ্টি করে নৌকাযোগে নদী পাড় হয়ে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে পালিয়ে যান।
খবর পেয়ে রবিবার দুপুরে এলাকার শতাধিক বিক্ষুব্ধ মানুষ মাদক কারবারি দিলু, জসিম ও আলী আকবরের বাড়ি-ঘর ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। জনরোষ দেখে পালিয়ে যায় মাদক কারবারিদের পরিবার।
এসময়, মাদক কারবারি দিলুর আপন ছোট ভাই নরুল হক ভাঙচুরে অংশ নিয়ে বিক্ষুব্ধ মানুষের সাথে সহমত প্রকাশ করেন।
এই বিষয়ে মৃগা ইউনিয়নের সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মন্জিল মিয়া বলেন, মাদক ডিলার দিলুর বিরুদ্ধে মাদক বিক্রি, ধর্ষণ, হত্যাসহ প্রায় ১০টি মামলা রয়েছে। কয়েক মাস আগে মাদকসহ দিলুকে সেনাবাহিনী গ্রেপ্তার করে। স্থানীয় সালিসে মাদক ব্যবসা না-করার মুচলেকা দিয়েও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ায়, বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।
এই ঘটনা সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, শুনেছি বিক্ষুব্ধ মানুষ একাধিক মাদক কারবারির বাড়ি-ঘরে হামলা করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
