খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী ‘বি কোম্পানি’ ও সংশ্লিষ্ট অপরাধচক্রের বিরুদ্ধে অভিযানে ঢাকার বংশাল এলাকার বিভিন্ন হোটেল থেকে চার সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে খুলনা থেকে অস্ত্র ও গুলিসহ আরও একজনকে আটক করা হয়।
রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) মো. আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় ডিবির একাধিক দল শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে ঢাকার বংশাল এলাকা থেকে আল-আমিন (২৯), তুষার শিকদার (৩৮), আসিফ (২৫) ও সাজ্জাদ হোসেন সাব্বির (১৮) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা খুলনার বিভিন্ন এলাকায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে আবরার ফয়সাল রাফিন (২৪)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি রিভলভার ও দুটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবি পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদের দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, ম্যাগাজিন এবং ৭.৬৫ বোরের দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক এএইচএম লুৎফুল কবির ও অমিত কুমার দাস।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া জিজ্ঞাসাবাদে খুলনা মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
