বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে (ইউএন) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দায়িত্বে থাকা স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের আগেই আইরিন খান নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান বড় ধরনের রদবদলের অংশ হিসেবেই এ নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক (Special Rapporteur on the Promotion and Protection of the Right to Freedom of Opinion and Expression) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এ ম্যান্ডেট চালুর পর তিনিই প্রথম নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হন।
বর্তমানে তিনি জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন। এছাড়া তিনি The Unheard Truth: Poverty and Human Rights গ্রন্থের সহ-লেখক, যা সাতটি ভাষায় প্রকাশিত হয়েছে।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। তার নেতৃত্বে সংস্থাটি রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে কার্যক্রম সম্প্রসারণ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী প্রধান হিসেবে তিনি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে প্রথম বৈশ্বিক প্রচারণা শুরু করেন।
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি আইনের শাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৬ বাস্তবায়নের পক্ষে জোরালো ভূমিকা রাখেন।
এর আগে ২০১০-১১ সালে তিনি বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টার-এর কনসাল্টিং এডিটর হিসেবে মানবাধিকার, গণতন্ত্র ও জেন্ডার বিষয়ক লেখালেখি করেন এবং স্বাধীন গণমাধ্যমের পক্ষে কাজ করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) দপ্তরে যোগ দেন এবং ২১ বছর বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন। ভারতের মিশন প্রধান এবং আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন।
আইরিন খান বর্তমানে যুক্তরাজ্যের ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বাংলাদেশের ব্র্যাক এবং উগান্ডার বেয়ারফুট ল’-এর পরিচালনা পর্ষদের সদস্য। এছাড়া তিনি বিশ্বব্যাংকের জেন্ডার অ্যাডভাইজরি কাউন্সিল, ইউএনএইডসের উচ্চপর্যায়ের প্যানেল এবং জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্টের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মানবাধিকার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের সন্তান আইরিন খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল’ স্কুলে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
