ছিনতাইকারীর আক্রমণে রিকশা থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরনের আশঙ্কায় হাসপাতালের বেডে শুয়ে কাঁতরাচ্ছেন পঞ্চগড়ের এক শিক্ষিকা।
চলতি মাসের তিন তারিখ শুক্রবার সকাল এগারোটা। রাজধানীর উত্তরা সেন্টার মেট্রো ষ্টেশনের কাছাকাছি বউ বাজার এলাকা দিয়ে বড় ভাই সহ রিকশায় চড়ে হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন শিক্ষিকা মিনা আশরাফুন। ফাঁকা রাস্তায় তাদের রিকশার পাশাপাশি চলছিল একটি সাদা রঙের প্রাইভেট কার। হঠাৎই প্রাইভেট কারের সামনের ছিটে যাত্রী বেশে বসে থাকা ছিনতাইকারী মিনা আশরাফুনের হাত থাকা ভ্যনিটি ব্যগটি টান টান মেরে নিয়ে যায়। ব্যগে থাকা মোবাইল ও মূল্যবান অর্থ সামগ্রী রক্ষার্থে শক্ত হাতে ব্যগ চেপে ধরতে গিয়ে ছিনতাইকারীর হ্যচকা টানে রিকশা থেকে রাস্তায় পড়ে যান মিনা আশরাফুন। এতে ছিনতাইকারীর গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাঁতরাচ্ছেন তিনি। রোগী দেখতে হাসপাতালে যাবার পরিবর্তে নিজেই এখন রোগী হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ডাক্তাররা বলছেন বাম পায়ের হাটু ও গোড়ালিতে মারাত্মক ভাবে আঘাত পেয়েছেন তিনি।হাড় ভেঙ্গেছে অন্তত দুই জায়গার। দ্রুত অপারেশন করা না গেলে ভবিষ্যতে তার পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না,এমনকি তাকে স্থায়ী পঙ্গুত্বও বরন করতে হতে পারে।
জানা গেছে মিনা আশরাফুন পঞ্চগড় পৌর আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিকা এবং পঞ্চগড় পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব তেলিপাড়া গ্রামের মৃত রইসুল আলমের স্ত্রী।দুই ছেলে সহ তিন সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
তার বড় ছেলে তানভীর আল রেদওয়ান বলেন, ছিনতাইকারীর দৌরাত্বে একদিকে যেমন আমরা আর্থিক ক্ষতির শিকার হয়েছি, অপরদিকে আমার মায়ের পঙ্গুত্ব বরনের মত অবস্থা তৈরী হয়েছে। মায়ের অপারেশনের জন্য ডাক্তার অতি দ্রুত পাঁচ লক্ষ টাকা জোগাড় করতে বলেছেন। আমি এখনও ছাত্র, আমার পক্ষে এতটাকা জোগাড় করা অসম্ভব তাই আত্মীয় স্বজনের দ্বারস্ত হয়েছি। যেভাবেই হোক আমাকে পাঁচ লক্ষ টাকা জোগাড় করতেই হবে।
ছিনতাইকারীর বিরূদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের পাশাপাশি তিনি সড়কে চলাচলে সকল কে আরো সাবধান হবার আহ্বান জানান।
উত্তরা ১৮ নাম্বার সেক্টরের অধিবাসী কাজী মাহাফুজুর রহমান জানান একটি সংঘবদ্ধ চক্র এই এলাকায় ছিনতাই কাজে সক্রিয় রয়েছে, তারা বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের বিশেষ করে মহিলাদের তার্গেট করছে। কিছুদিন আগে এই এলাকায় অনুরূপ ঘটনায় একজন নারীর মৃত্যুও ঘটেছে।পুলিশ প্রশাসনের তৎপরতা না বাড়ালে পরিস্থিতির আরো অবনতি হবার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
