চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার দারিয়াপুর পুরাতন পাড়া জামে মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় ডিএনসির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহ কুফল, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জানায়, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
