সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষায় শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী নাগরিক সংলাপ হয়েছে। 'পিপলস ম্যানডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন' সিরিজের অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা'সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়েছে।
বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
“টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা” শীর্ষক দিনব্যাপী এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ আয়োজনে “People's Mandate: Manifesto to Action” সিরিজের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি জানান, জাতিসংঘ সুন্দরবন সুরক্ষার জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং সুন্দরবনের ওপর নির্ভরশীলদের জীবন-জীবিকা নির্বাহের জন্য ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। সুন্দরবন আমাদের রক্ষা করছে।তাই আমাদের যেকোনো মূল্যে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
বেলা ১২টায় প্রথম পর্বে সংলাপের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল। এতে স্বাগত বক্তৃতা করেন সচেতন ফাউন্ডেশন’র সভাপতি ও ‘ধরা’র নেতা হাবিবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ।
উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর এজাজ খান এমপি, মো. আব্দুল আলীম এমপি, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ এবং সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস।
এছাড়া রাজনৈতিক দলের ইশতেহারে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলা বিষয়ক প্রতিশ্রুতি নিয়ে বক্তৃতা করেন রিভার বাংলা সম্পাদক ও ‘ধরা’র কেন্দ্রীয় নেতা ফয়সাল আহমেদ।
দুপুর ২টায় “দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র” শীর্ষক দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পূর্ব সুন্দরবন বাগেরহাট’র বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, উপকূলীয় সাংবাদিকতা ও গবেষক রফিকুল ইসলাম মন্টু, ব্রাইটার্স ফাউন্ডেশন’র সভাপতি ফারিহা অমি ও সাইদুর রহমান সিয়াম। আরও বক্তব্য দেন জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ডলফিন সংরক্ষণ দলের নেতা ইস্রাফিল বয়াতি, ‘ধরা’র নেত্রী কমলা সরকার, ইয়ুথ লিডার ডলার মোল্লা, শাহীন খলিফা ও আরাফাত দূর্জয় প্রমুখ।
দিনব্যাপী এ সংলাপে বিভিন্ন পর্যায়ের পরিবেশবিদ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ু বিষয়ে অধিক গুরুত্ব আরোপের লক্ষ্যে ধারাবাহিকভাবে "Manifesto Talk" আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন-পরবর্তী সময়ে নতুন সরকার ও বিরোধী দলসমূহকে তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া পরিবেশ ও জলবায়ু বিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতার উদ্দেশ্যে "Peoples Mandate: Manifesto to Action" শিরোনামে এই ধারাবাহিক সংলাপ আয়োজন করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
