খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবহেলিত খুলনার সার্বিক উন্নয়নে টেকসই ও সুপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনাকে একটি পরিবেশবান্ধব, বাসযোগ্য ও আধুনিক ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলাই কেডিএর অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর কল্পতরু মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. মনা বলেন, কেডিএ শুধু ভবন, রাস্তা কিংবা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ নগর গড়ে তুলতে কাজ করছে। তিনি জানান, দৌলতপুরের পরিত্যক্ত কল্পতরু মার্কেট অপসারণ করে জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপির সহযোগিতায় সেখানে একটি ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া দেশকে পুরোপুরি সবুজ ও পরিবেশবান্ধব করা সম্ভব নয়। তিনি নগরবাসী, যুবসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি নিজ নিজ বাড়ি, আঙিনা ও খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচি শেষে বিশিষ্ট সমাজসেবক শামশাদ আতিক কিশোরের অর্থায়নে দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন ও দর্জি কাজের জন্য থান কাপড় বিতরণ করা হয়। পরে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় এবং দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার এবং দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এসব অনুষ্ঠানে কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
