ঢাকা, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৭:৪৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় ইউএন উইমেনের চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে ইউএন উইমেনের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়ন জোরদারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, পরিবার কার্ড ও কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচির কথা উল্লেখ করেন। এছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি মোকাবিলায় একটি গ্লোবাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রস্তাব তুলে ধরে এ উদ্যোগ বাস্তবায়নে ইউএন উইমেনের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন।


প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও কন্যাশিশুদের ওপর অসম প্রভাব মোকাবিলায় ইউএন উইমেনের অব্যাহত সহযোগিতারও আহ্বান জানান।


রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের সংস্থাগুলোর অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তার অর্থায়ন ঘাটতি পূরণের বিষয়েও গুরুত্ব দেন।


বৈঠকে আরও আলোচনা হয় জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ)-এর ৭১তম অধিবেশন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) বাস্তবায়ন সম্পর্কিত বাংলাদেশের জাতীয় প্রতিবেদন এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি-ডব্লিউপিএস) প্রণয়নের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯