নিজস্ব প্রতিবেদক :
বিএনপি নেতা মোহাম্মদ সালেককে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের প্রতিবাদ জানানো হয়েছে। তিনি দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
মোহাম্মদ সালেক দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কার্যকরী সভাপতি।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় এলাকায় তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। তার এই জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে তাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মোহাম্মদ সালেক বলেন, “আমি দেশ ও সমাজের কল্যাণে রাজনীতি করি। ব্যবসা ও সাংগঠনিক কার্যক্রম নিয়েই আমার অধিকাংশ সময় ব্যয় হয়। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এসময় বিএনপি নেতা সালেক আরো বলেন, যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তারা যদি এই ধরনের অপ-প্রচার না থামান তাহলে অতি শীঘ্রই আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং এই ধরনের অপ-প্রচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরাও সোচ্চার ভূমিকা রাখবে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দাও এসব অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, মোহাম্মদ সালেক এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি। তার রাজনৈতিক ও ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
মোহাম্মদ সালেক তার বিরুদ্ধে পরিচালিত সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
