নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি পরিবহনের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার ও স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহন চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
