ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ ঘন্টা আগে) ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২:১৩ পূর্বাহ্ন

banglahour


সিলেটের ক্রিকেটের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে তৃণমূল পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।


তিনি বলেছেন, ক্রিকেটে সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় সিলেটের মাটি থেকে উঠে এসে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী সিলেট থেকে খেলোয়াড় উঠে আসছে না। এ অবস্থায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে তৃণমূল পর্যায় থেকে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বিভাগে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে ক্রিকেট ট্যালেন্ট হান্টের মতো উদ্যোগ নেওয়া দরকার। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো ক্রিকেটের প্রতি বিশেষ নজর দিলে ভালো খেলোয়াড় বের করে আনা সম্ভব।


তিনি বলেন, ক্রিকেট অন্য অনেক খেলার তুলনায় কিছুটা ভিন্ন। এখানে নিয়মিত অনুশীলন, ধারাবাহিকতা ও মানসম্মত কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবির পক্ষ থেকে সিলেটের জন্য ভালো কোচিং স্টাফ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোচিং স্টাফরা এসে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেবেন।
সিলেটে ক্রিকেটের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে বিসিবি পরিচালক বলেন, যে মাঠে আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে, সেটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহৃত মূল মাঠটি নিয়মিত অনুশীলনের কাজে ব্যবহার করা সম্ভব নয়। তাই সিলেটে একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, প্র্যাকটিস গ্রাউন্ড তৈরির বিষয়ে বিসিবি, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে কাজ করা হচ্ছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছেও একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিপিপি তৈরির কাজও শিগগির শুরু হবে। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে সিলেট থেকে আরও ভালো ক্রিকেটার তুলে এনে জাতীয় পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান ও বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না।


অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, মোহাম্মদ জাহেদ, আহমদ জুলকারনাইন, মঞ্জুর আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আলী ওয়াসিকুজ্জামান অনি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবির তুহিন, সম্পাদক ছালেহ আহমদ শাহিন, এইচ ইউ দীপু, টাইটেল স্পন্সর মাহার প্রতিনিধি আব্দুল কাদির, কো-স্পন্সর ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধি সৈয়দ সামিত সোয়াদ, আনোয়ার হোসেন মানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন
মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। রানারআপ হয়েছে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব।


টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পারভেজ নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। সেরা বোলারের পুরস্কার পেয়েছেন স্টার্স ইউনাইটেড ক্লাবের মামুন। তিনি টুর্নামেন্টে ২৬টি উইকেট শিকার করেন।


সেরা ব্যাটসম্যান হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দুলন। তাঁর সংগ্রহ ৩৭৩ রান। প্লেয়ার অব দ্য লীগ নির্বাচিত হয়েছেন ইয়ং ভিক্টর ক্লাবের মাসুম। তিনি ৩৩৮ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন।


এ ছাড়া উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্টার্স ইউনাইটেড ক্লাবের সায়েম। টুর্নামেন্টে তিনি ২৭৪ রান করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম