যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন–২০২৬’-এর আওতায় এসি ও ফ্রিজ মেরামত এবং সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
গত সোমবার ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ, সার্ভিসিংসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জোন কমান্ডার প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবান সেনাজোনের এ উদ্যোগের মাধ্যমে জেলার যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগ্রহী যুবক-যুবতীদের এ ধরনের কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানানো হয়েছে।
---------------------------------

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
