ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও উপযোগী করে গড়ে তুলতে গভীর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
সাধারণ পরিষদের বাইরে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি ৮১তম অধিবেশনের জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “আমাদের জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তুলতে হবে। এটি এমন একটি প্রতিষ্ঠান হতে হবে, যেখানে দেশগুলো আবারও আস্থা ও উদ্দীপনার সঙ্গে ‘হ্যাঁ, জাতিসংঘের পক্ষে’ বলতে এবং ভোট দিতে পারে।”
ড. খলিলুর রহমান বলেন, বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে জাতিসংঘকে আরও গভীর সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, “আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি, যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই জাতিসংঘকে ভবিষ্যতের জন্য উপযোগী করতে আরও গভীর সংস্কার প্রয়োজন—শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্যও।”
নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের এই বক্তব্যকে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং জাতিসংঘ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
