ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আবাসিক সোলার প্রকল্পে জনগণকে উৎসাহিত করতে সরকার ১ শতাংশ সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুতের ওপর চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে খুলনা কেবল শিল্প লিমিটেডের কারখানা ভবনে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে সোলার প্রকল্পের ব্যাপক সম্প্রসারণ হলে বিদ্যুতের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম চালু করেছে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কেবল শিল্প (বাকেশি) ক্যান্টিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রী কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিচ জাহান রিমি, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, খুলনার ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাকেশিতে স্থাপিত ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট চালুর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এতে বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব শিল্পায়নের পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
