পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ তার কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং জরুরি স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত শক্তিশালীকরণ এবং উদীয়মান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএইচওর অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
ডব্লিউএইচও প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ নজরদারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতির প্রস্তুতি জোরদারে সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ডব্লিউএইচওর মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
