জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু অভিনয়ের জন্যই নয় তাঁর গভীর জীবনদর্শনের জন্যও অনুরাগীদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভাবনা, উপলব্ধি এবং চারপাশের নানা পরিবর্তন নিয়ে সরব হন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার তাঁর ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। নিজের ছবিকে আরও ‘সুন্দর’ করে তুলতে গিয়ে মানুষ কীভাবে ধীরে ধীরে নিজের স্বকীয়তাই হারিয়ে ফেলছে, সেটা নিয়ে প্রশ্নই তুলেছেন চঞ্চল।
সম্প্রতি ফেসবুকে এবং ইনস্ট্রগ্রামে একটি দীর্ঘ পোস্টে চঞ্চল লিখেছেন, 'সবার চেহারা তো আর এক রকম হবে না, প্রত্যেকটা মানুষই আলাদা। শুধু চেহারায় নয়, তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, স্বভাব চরিত্র - এসব কিছুই একজন মানুষকে আরেকজন মানুষ থেকে ভিন্ন পরিচয় দান করে। আবার এরই মধ্যে আছে দেখতে সুন্দর-অসুন্দর !
এর আরেক বাহ্যিক পরিচয়। মানুষ শুধু সুন্দরের পূজারী নয়, সৌন্দর্য লোভীও বটে !'
এআই দিয়ে ছবি এডিট করা নিয়ে প্রশ্ন তুলে চঞ্চল চৌধুরী লিখেছেন, 'ইদানীং এআই দিয়ে নিজের ছবিকে বাস্তবের চেয়ে বেশী সুন্দর করতে গিয়ে সবার চেহারা-পোশাক, দেখতে একই রকম লাগছে! কয়েকদিন আগে এআই এর ঘাড়ে পা দিয়ে আমরা আশির দশকে ভ্রমন সমাপ্ত করেছি! সবাইকেই দেখতে একই রকম লাগছিলো, খুব কষ্ট হচ্ছিল মানুষ গুলোকে আলাদা করতে। সবারই একই ধরনের পোশাক, ভঙ্গি ও চেহারা!'
এক ভক্তের পাঠানো ছবি নিয়ে চঞ্চল লিখেছেন, 'কয়েকদিন আগে আমার এক ভক্ত এআই দিয়ে বানিয়ে আমার পোস্ট করা এই পারিবারিক ছবিটা পাঠিয়েছিলেন।
প্রথমে চিনতে একটু কষ্ট হচ্ছিল, এরা আবার কারা?
দেখতে তো আমার বৌ, ছেলে আর আমার মতই তো লাগছে। বাস্তবের চেয়ে দেখতে অনেকটাই সুন্দর।'
চঞ্চল আক্ষেপ করে মন্তব্য করেন, 'আসল কথা হচ্ছে, আমরা বিধাতার দেয়া চেহারার সাথে এআই বাবার কারসাজি মিশিয়ে ক্রমাগত নিজের থেকে একটু একটু করে দুরে সরে যাচ্ছি! ইদানীং ফেসবুকে ঢুকে যে কোন ছবি দেখলেই মনে প্রশ্ন জাগে এটা কি আসল নাকি নকল? এআই এর ঘাড়ে চেপে আমরা আশির দশকে ঘুরে এসেছি, সেটা শুধু চেহারা আর পোশাকী ঢং-এ! ঐ সময়ের মানুষ গুলোর ভেতরের সরলতা কিছুটা হলেও কি আমরা স্পর্শ করতে পেরেছি?'
চঞ্চল চৌধুরী আরও লিখেছেন, 'আসলে এআই শুধু বাইরের চেহারাটাকেই সুন্দর করতে পারে, মানুষের ভেতরের সৌন্দর্য নয়! আমরা সবাই এখন ব্যস্ত বাইরের সৌন্দর্য প্রদর্শন নিয়ে, তাহলে ভেতরের সৌন্দর্যর কি হবে। মাঝে মাঝেই মনে হয়, আমরা কি আমাদের মগজটাকে এআই এর কাছে বিক্রি করে দিচ্ছি কিনা।'
সর্বশেষ স্বভাবসুলভ রসিকতা করে চঞ্চল চৌধুরী মন্তব্য করেন, 'বিঃদ্রঃ এআই কৃত সকল দাঁত দেখতে একই রকম। সে আমার গজদন্ত তৈরী করতে পারেনি।'

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
