ময়মনসিংহের মুক্তাগাছা থানার ওসি কক্ষে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির জেরে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার রাতে মুক্তাগাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুল থানায় আসে। কনস্টেবল বকুল মিয়া তাকে জানান, ওসি ও থানার অন্য কর্মকর্তারা জরুরি বৈঠকে রয়েছেন। এ কারণে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এ নিয়ে কনস্টেবল বকুলের সঙ্গে আরিফ রব্বানীর কথা-কাটাকাটি শুরু হয়। পরে রাত ১০টার দিকে একদল লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মুক্তাগাছা থানার প্রধান ফটকের সামনে এসে ভাঙচুর চালায়। এ সময় থানার পাশের ট্রাফিক বক্সেও ভাঙচুর করা হয়। আসামীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
