রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবড়ী ইউনিয়নের হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টা হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, হাঁড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়া, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মজিবুর রহমান, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা, শ্রেণী কক্ষে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং শিক্ষার সার্বিক মান নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সাথে বিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন তাঁরা।
অভিভাবকদের বক্তব্যের জবাবে অতিথিবৃন্দ ও বক্তারা বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা অবিলম্বে সমাধানের আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম বলেন, শিক্ষার মান বাড়াতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; বরং ঘরে ও বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সঠিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি কোমলমতি শিক্ষার্থীদের স্মার্টফোন ও ইন্টারনেট অপব্যবহার রোধে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মাঝে নিবিড় সম্পর্ক স্থাপন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠদানে আরও আন্তরিক হওয়ার ওপর জোর দেন।
একটি সুশিক্ষিত ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
