কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ মিয়া হত্যা মামলার পলাতক আসামী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিগত ৫ মাস পর বুধবার (৭ অক্টোবর) কুলিয়ারচর থানা পুলিশ কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেন (৪০) ও তাঁর ছেলে সজিব মিয়া (২০)কে গ্রেপ্তার করেছে । কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবা ও ছেলেকে কুমিল্লার দেবীদ্বার থেকে গ্রেফতার করা হয়েছে ।
উল্লেখ্য ঃ জাকির হোসেন মাদকসহ পুলিশের হাতে আটক হওয়ার পেছনে হানিফ পুলিশের কাছে তথ্য দিয়েছেন, এমন সন্দেহ থেকে হানিফকে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো। গত ১৩ মে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে স্ত্রীকে ফোন করেন হানিফ। তখন ফোনের অপর প্রান্ত থেকে তাঁর কণ্ঠে শোনা যায়, জাকির ভাই, তুমি আমারে আর মাইরো না, আমাকে প্রাণ ভিক্ষা দাও। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা পরে জাকিরের বাড়িতে গিয়ে ভেতর থেকে হানিফের চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পান। রাত আড়াইটার দিকে হানিফের শ্বশুর বকুল মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে আয়েতউল্লাহ নামে একজনকে বাড়ির সিলিং থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং কয়েকজনকে আটক করে। পরে রাত ৩টা ১০ মিনিটের দিকে জাকিরের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে জসিম উদ্দিনের কাঠবাগানের জমি থেকে হানিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরে নিহতের স্ত্রী বাদী হয়ে কুলিয়ারচর থানায় পরদিন ১৪ মে জাকির হোসেনসহ অন্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
