চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মালামালের সিজার মূল্য ৮১ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দানিয়াল গাছি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ টুটুল (২৬) ও ছবি বেগমকে (৪২) আটক করা হয়। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
