অতিরিক্ত বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাঙ্গামাটিতে মাসব্যাপী তালবীজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে জেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিল সার্ভিসের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত মাসব্যাপী তালবীজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, পিএসসি।
স্বেচ্ছাসেবী সংগঠন হিল সার্ভিসের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সংগঠনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: আবু সাদাৎ মো: সায়েম, সংগঠনের উপদেষ্টা ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য মো: হাবীব আজম, সংগঠনের উপদেষ্টা শাহিদা আকতার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, পিএসসি বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তাই সকলকে যার যার অবস্থানে বৃক্ষ রোপণ কার্যক্রম বাড়াতে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় এবং বজ্রপাত রোধে তালবীজ লাগানোর যে কার্যক্রম শুরু করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই কার্যক্রম সফল করতে সদর জোনের পক্ষ থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তালবীজ রোপণের মাধ্যমে জোন কমান্ডার তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, রাঙ্গামাটি শহর ছাড়াও জেলার বিভিন্ন দুর্গম এলাকায় তালবীজ রোপণ করা হবে। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে বজ্রপাতের ঝুঁকি কমাতেও দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
